ডিএমপিতে কর্মরত নারী পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা হচ্ছে: ভারপ্রাপ্ত কমিশনার
- আপডেট: ০৩:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৮০৩৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে নারী পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের কথা জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রবিবার (০৮ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সরওয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ–এও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়কে সামনে আনে।
অনুষ্ঠানে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ডিএমপিতে কর্মরত নারী পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষতা বাড়ানো হচ্ছে। এর ফলে তারা নিজ নিজ কর্মক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন এবং নারী ক্ষমতায়নের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, মহান সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। নারীর অবদান ছাড়া মানবজাতির অস্তিত্বই কল্পনা করা যায় না। সমাজ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণিসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।




















