ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র্যাবের টহল-নজরদারি বৃদ্ধি
- আপডেট: ০৮:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৭। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
চট্টগ্রাম ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।
র্যাবের অধিনায়ক বলেন,নগরের অলংকার,একে খান বাসস্ট্যান্ড এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ জনবহুল এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। এসব স্থানে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ডাকাতি,ছিনতাই,চুরি, ‘মলম পার্টি’ ও ‘অজ্ঞান পার্টি’র মতো অপরাধ প্রতিরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া ঈদযাত্রাকে কেন্দ্র করে বাসের টিকিট সিন্ডিকেট, কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অভিযোগ ঠেকাতে মাঠে কাজ করছে র্যাব।
তিনি বলেন,ঈদের সময় নগরের অনেক বাসাবাড়ি ও বিপণিবিতান ফাঁকা হয়ে যায়। এ সুযোগে যেন কোনো ধরনের অপরাধ বা নাশকতা না ঘটে,সেজন্য বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে র্যাব বলছে, ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করতে এবং অজ্ঞান পার্টির বিষয়ে সচেতন থাকতে হবে।
ঈদ জামায়াতকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা গুজব ঠেকাতেও প্রস্তুত রয়েছে র্যাব-৭। একই সঙ্গে ঈদের পর বিনোদনকেন্দ্র, পার্ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা বাড়ানোর কথাও জানিয়েছে সংস্থাটি।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম মোজাফ্ফর হোসেন বলেন,ঈদকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছি। যে কোনো ধরনের অপরাধ বা নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



















