স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্কয়ারে চলছে বর্ণাঢ্য কুচকাওয়াজ
- আপডেট: ১২:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দর্শনীয় ফ্লাই পাস্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বসাধারণের জন্য কুচকাওয়াজ অনুষ্ঠানটি উন্মুক্ত রাখা হয়েছে। জনসাধারণের প্রবেশের সুবিধার্থে ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনার্থীদের সঙ্গে কোনো ধরনের ব্যাগ বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে, ভোরের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভোর ৬টায় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন (গার্ড অব অনার) প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদ বেদিতে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।



















