শিয়া মসজিদ-ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা,নব্য জেএমবি সন্দেহে শিশুকে হেফাজতে নিল সিটিটিসি
- আপডেট: ০৬:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ১৮১২১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির সাথে জড়িত সন্দেহে আইনের সাথে সংঘাতে জড়িত এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
শুক্রবার (০৩ এপ্রিল) বিকালে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, আইনের সাথে সংঘাতে জড়িত এমন এক শিশু জেএমবির সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে নেওয়া শিশু শেরে বাংলা নগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সাথে যোগাযোগ রয়েছে বলে জানা যায়।
সিটিটিসি সূত্রে জানা যায়, হেফাজতে নেওয়া শিশু অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলাম (আইএস) এর পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করতো। এছাড়া বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করত এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিতো বলে জানা যায়।
বিধি অনুযায়ী হেফাজতে নেওয়া শিশুকে আদালতে পাঠানো হয়েছে।




















