ঈদের ছুটিতে গুলশানে বাড়ি দখল, অভিযুক্ত ইউসুফ গ্রেফতার
- আপডেট: ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঈদের ছুটিতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের সঙ্গে অভিযুক্ত ইউসুফকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৫ এপ্রিল) ভোরে বাড্ডা এলাকা থেকে গুলশান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। একইদিন দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি দাউদ হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ ভোরে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়। তিনি গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে হামলা চালিয়ে দখলের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।
এর আগে গত ১৯ মার্চ দুপুর ১২টার দিকে গুলশান-১ এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা বাসিন্দা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বের করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, গুলশান জোনের তৎকালীন সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদের মদদে ওই বাড়িটি দখলে নেয় মো. ইউসুফ ও তার সহযোগীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িটি ১৯ কাঠা জায়গার ওপর অবস্থিত। ২০১৩ সালে আব্দুল আজিজ নামের এক ব্যক্তির কাছ থেকে পুরাতন ভবনটি কেনেন মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস। ওই প্রতিষ্ঠানের মালিক তাবাছুম আরিফীন মুন। ভবনটিতে তার বোন বসবাস করে আসছিলেন।
আরও জানা গেছে, প্রকৃত বিক্রেতা আব্দুল আজিজ মারা গেলেও মো. ইউসুফ নামে এক ব্যক্তি আরেকজনকে ‘আব্দুল আজিজ’ সাজিয়ে বিভিন্ন সময়ে ভবনটি দখলের চেষ্টা করে ব্যর্থ হলেও ওইদিন ফের বাড়িটিতে হামলা চালিয়ে দখলে নেয় ইউসুফ ও তার সহযোগীরা।


















