৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ১৮০২৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন– মিলন মোল্লা, মো. মেহেদী হাসান ওরফে সম্রাট, তরিকুল ইসলাম, ফাহিম আশরাফ, রাকিব হোসেন, শহিদুল ইসলাম ও মো. আওয়াল তালুকদার।
সোমবার (৬ এপ্রিল) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।
ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে গুলশান-২ নম্বরে ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম কোকেনসহ মিলন, মেহেদী, তরিকুল ও ফাহিমকে গ্রেফতার করে ডিবি-লালবাগ জোনাল টিম।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে একই তারিখ রাত আনুমানিক ১২টার দিক মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোড অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম কোকেনসহ মো. রাকিব, শহিদুল ও আওয়ালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য কোকেন সংগ্রহ করে গুলশান থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।




















