মহাখালীতে আনসারের তৎপরতায় অটোরিক্সা ছিনতাই ব্যর্থ, আটক ৩
- আপডেট: ০১:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দ্রুত ও সাহসী তৎপরতায় একটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ব্যর্থ হয়েছে। এ সময় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয় এবং ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করা সম্ভব হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— মো. রিয়াজুল ইসলাম (২৭), মো. রাজু মিয়া (২০) ও মো. রাজন মিয়া (৩০)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ ও জামালপুর জেলায়।
শুক্রবার (১০ এপ্রিল) আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,শুক্রবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আনসার ক্যাম্পের টহলরত সদস্যরা এক ব্যক্তির চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,একটি সংঘবদ্ধ চক্র অটোরিকশা ছিনতাইয়ের পর চালক ও যাত্রী সেজে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছিল। এ সময় টহলরত আনসার সদস্যরা দ্রুত ধাওয়া করে অটোরিকশাসহ তিনজনকে আটক করতে সক্ষম হন।
অভিযানে একটি অটোরিক্সা, দুটি ছুরি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অটোরিক্সাটি মালিকের কাছে হস্তান্তর করা হয় এবং আটক তিনজনকে বনানী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নিয়মিত টহল ও দ্রুত পদক্ষেপের কারণে রাজধানীতে অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেন এপিসি মো. আমিনুল ইসলাম। তাঁর নেতৃত্বে টহলরত দলে অংশ নেন আনসার সদস্য মো. আব্দুল জলিল, মো. কামরান ও মো. অহিদুজ্জামান।



















