নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ চিংড়িসহ মাছ উদ্ধার, ২৭৯ জন আটক
- আপডেট: ১২:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ,মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ২৭৯ জন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৪ কোটি ২২ লক্ষ ৭১ হাজার ২৮০ মিটার অবৈধ জাল, ৪ হাজার ১৫৮ কেজি মাছ, ৬ লক্ষ ৫৭ হাজার পিস চিংড়ি রেণু, ১৫ হাজার বাগদা রেণু পোনা, ১ হাজার ৩২৮ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৩৩ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৮৩ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।
অভিযানে ২৭৯ জনকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে ৪৬টি মৎস্য আইন, ৯টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল, ২টি মাদক, ১টি চুরি, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ১টি অপহরণ মামলাসহ মোট ৬৯টি মামলা দায়ের করা হয় এবং ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়।
অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।




















