মিরপুরে বাসায় ডাকাতি,সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার
- আপডেট: ০৯:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরের একটি বাসায় ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো. মাসুদ মিয়া (৩১), মো. ইমরান হাওলাদার (২৯), মো. সুমন (৩৯), আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) ও সজীব (৩২)।
বৃহস্পতিবার রাতে, মিরপুর থানা পুলিশ ও ডিবি সাইবার বিভাগের অভিযানে রাজধানীর পল্লবী, আশুলিয়ার জিরাবো এবং সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুণ্ডরীখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১০ মার্চ দুপুরে মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় একটি সংঘবদ্ধ দল সে বাসায় ঢুকে বাসিন্দাদের বেঁধে রেখে ভয়ভীতি দেখিয়ে মূল্যবান মালামাল লুট করে নেয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় ডাকাতির মামলা করে ভুক্তভোগী পরিবার।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলেন। তাদের মধ্যে মাসুদ মিয়াকে এ ঘটনার পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ডাকাত দলের সদস্যরা কাজীপাড়া এলাকায় জড়ো হয়ে পরিকল্পনা অনুযায়ী বাসাটিতে প্রবেশ করে এবং নির্দিষ্ট সময় ধরে লুটপাট চালান।
এ বিষয়ে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে ধারাবাহিক অভিযানে প্রথমে ইমরান হাওলাদার ও সজীবকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া থেকে মাসুদ মিয়া এবং সাভার থেকে সুমন ও আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় লুট করা মালামালের কিছু অংশ উদ্ধারও করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে ও অভিযান অব্যাহত রয়েছে।



















