কোটি টাকা চাঁদার দাবিতে পোশাক কারখানার মালিককে গুলি, গ্রেফতার ২
- আপডেট: ০৬:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কাফরুল থানা এলাকার এক পোশাক কারখানার অফিসে ঢুকে এক কোটি টাকা চাঁদার দাবি করে দুর্বৃত্তরা। এই চাঁদা দাবি ও কারখানার মালিক কামরুল ইসলামকে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- রাসেল মোল্লা (৩৫) ও রুমান তালুকদার (২৬)।
কাফরুল থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে কাফরুল থানা এলাকার এক পোশাক কারখানার অফিস কক্ষে কাজ করছিলেন মালিক কামরুল ইসলাম (৩৩)। এ সময় অজ্ঞাতপরিচয় ১২ থেকে ১৩ জন দুষ্কৃতকারী বেআইনিভাবে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে দুই দুষ্কৃতকারী পিস্তল বের করে কামরুল ইসলামকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করেন। একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে পিছনের ফাইল কেবিনেটের গ্লাসে লেগে গ্লাস ভেঙে যায়। অপর গুলিটি পিছনের দেওয়ালে লাগে।
তিনি বলেন, এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হলে গতকাল সোমবার দিনগত রাতে মিরপুর-১৩ এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত রাসেল মোল্লাকে ও সাভার থানার এলাকা থেকে রুমান তালুকদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে কাফরুল ও ভাষানটেক থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন, চুরি, মারামারি ও বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেফতার রুমান তালুকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



















