বিআরটিএ’র কল্যাণ ফান্ড থেকে ১১ জনকে ৪৩ লাখ টাকা সহায়তা
- আপডেট: ০৩:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সহায়তায় ৪৩ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (২৭ এপ্রিল ) রাজধানীর ঢাকা মেট্রো-৩, উত্তরা দিয়াবাড়ি বিআরটিএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে এ অর্থের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় বিআরটিএ কার্যালয়ের পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া উপস্থিত থেকে চেক বিতরণ করেন। এ সময় উপ-পরিচালক সুব্রত কুমার দেবনাথ, সহকারী পরিচালক বশির আহমেদ, মোটরযান পরিদর্শক রাশেদ মিলনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্র জানায়, সংস্থাটি সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে নিয়মিতভাবে কল্যাণ ফান্ড থেকে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এরই অংশ হিসেবে এ অনুদান বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।










