বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
- আপডেট: ০৫:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা। তিনি বলেন, নতুন টার্মিনাল চালুর মাধ্যমে দেশের এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)-এর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে বিভিন্ন কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে। নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বাড়বে এবং ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে। একই সঙ্গে আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় দেশের এভিয়েশন ও পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বাটজার নেতারা এভিয়েশন ও পর্যটন শিল্পের ইতিবাচক প্রচারে গণমাধ্যমের কার্যকর ভূমিকা এবং তথ্যপ্রাপ্তি সহজ করার বিষয় তুলে ধরেন।
আফরোজা খানম রীতা বলেন, সরকার দেশের বিমান ও পর্যটন খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ খাতের ইতিবাচক দিকগুলো দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় বিমানের বহর সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, যাত্রীচাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় রেখেই বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সরকার মিক্সড ফ্লিট গঠনের বিষয়েও ভাবছে।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানান।
সভায় উপস্থিত ছিলেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরী, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাইফ আহমাদ ও সদস্য শাহাদাত হোসেনসহ সংগঠনের চার সদস্যের প্রতিনিধি দল।



















