নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার, ২৬৪ জন আটক
- আপডেট: ১২:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ২৬৪ জন।
বৃহস্পতিবার (১৪ মে ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,দেশের মৎস্য সম্পদ রক্ষা অভিযানে মোট ২ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৮০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এছাড়া ২ হাজার ৫৯৫ কেজি মাছ, ৮ লাখ ২১ হাজার পিস চিংড়ি রেণু, ৫ লাখ পিস বাটা মাছের পোনা, ৬০ হাজার পিস পারশে মাছের পোনা এবং ২ হাজার পিস বাগদা রেণু পোনা উদ্ধার করা হয়েছে।
এ সময় আরও ১৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। অভিযানের অংশ হিসেবে নদী থেকে ১৪৭টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে, যা অবৈধ মাছ শিকারে ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছে নৌ পুলিশ।
নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৮৩ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। এসময় ১টি ড্রেজার জব্দ করা হয়।
অভিযানে ২৬৪ জনকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনা করে ২৬৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬৯টি মৎস্য আইন, ৫টি বেপরোয়া গতি আইন, ৩টি বালুমহাল এবং ৩টি মাদক মামলাসহ মোট ৮৮টি মামলা দায়ের করা হয়। এছাড়া, অভিযান চলাকালে ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।



















