কিশোরগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জ সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ মডেল থানার উদ্যোগে সদর থানাধীন গাইটাল এলাকার ‘অতিথি কমিউনিটি সেন্টার’-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
বক্তারা কিশোরগঞ্জের ব্যবসায়িক পরিবেশ আরও নিরাপদ ও স্থিতিশীল করতে চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান মোড় ও জনবহুল এলাকাগুলো পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি কিশোরগঞ্জ মডেল থানায় একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হবে, যেখান থেকে ২৪ ঘণ্টা লাইভ মনিটরিংয়ের মাধ্যমে চুরি, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
সভায় অংশগ্রহণকারীরা যেকোনো ধরনের অনিয়ম বা নিরাপত্তা ঝুঁকি দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত কিশোরগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘটে।



















