সন্তানদের সুশিক্ষা ও খেলাধুলায় গড়ে তুলতে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান রাজ্জাকের
- আপডেট: ০৩:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই নয়,খেলাধুলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিকশিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল বাংলা স্কুল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ বি এম আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রাজধানীর মিরপুর-২ এ অবস্থিত ন্যাশনাল বাংলা স্কুল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ বি এম আব্দুর রাজ্জাক।
শনিবার (২০ জুন) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত ‘অভিভাবক মতবিনিময় সভা-২০২৬’-এ তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে হবে।”
বিদ্যালয়ের শিক্ষা, খেলাধুলা ও সামগ্রিক পরিবেশের মানোন্নয়নে অভিভাবকদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের পরামর্শ ও সমস্যার কথা জানালে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিদ্যালয়কে আরও সুন্দর ও মানসম্মত প্রতিষ্ঠানে রূপ দিতে আমরা কাজ করে যাব।”
অভিভাবকদের উদ্দেশে তিনি আরও বলেন, “অনেক কষ্ট করে সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন। তাই তাদের সুশিক্ষা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে। অতীতের সীমাবদ্ধতা ভুলে আজ থেকেই নতুনভাবে এগিয়ে যেতে হবে, যাতে আমাদের সন্তানরা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য গর্বের কারণ হতে পারে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমাদ হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র শিক্ষক ও দিবা শাখার প্রধান গোলাম মোস্তফা আকন্দ, সহকারী প্রধান শিক্ষক আনজু আরা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।



















