নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
- আপডেট: ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দেশব্যাপী প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে মঙ্গলবার (২১ জুলাই) এ পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলাই পারে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে এক সুতোয় গাঁথতে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি জানান, গত ১ মে সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের জার্সি গায়ে মাঠে নামলে পরিচয় একটাই—বাংলাদেশ। খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করে। সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মানুষের ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, এ আগ্রহকে কাজে লাগিয়ে দেশের ফুটবলসহ অন্যান্য খেলাকে আরও এগিয়ে নিতে হবে।
তিনি আরও জানান, শুরুতে আটটি ইভেন্ট নিয়ে প্রতিযোগিতা শুরু হলেও এবার ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় ইভেন্টের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে। পাশাপাশি আগামী আসরের জন্য গত ১ জুলাই থেকে অনলাইন নিবন্ধন কার্যক্রমও শুরু হয়েছে।
সরকার দেশের ৪ হাজার ৫৮৯টি ইউনিয়ন ও ৫০৩টি উপজেলা থেকে দল গঠন করে বছরব্যাপী এ প্রতিযোগিতা পরিচালনার পরিকল্পনা নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এছাড়া অতিরিক্ত সচিব আমেনা বেগম, অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।




















