বিশ্বকাপ ফাইনাল গোল প্রেডিকশনে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ১০ বিজয়ী ঘোষণা
- আপডেট: ১০:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ আয়োজিত ‘ফাইনাল ম্যাচ গোল প্রেডিকশন কম্পিটিশন’-এর ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে মোট ৬ হাজার ৪৩৫টি মন্তব্য জমা পড়ে। এর মধ্যে ফাইনাল ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা সঠিকভাবে প্রেডিকশনকারী ৯৬ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ ডিজিটাল লটারির মাধ্যমে ১০ জন বিজয়ী নির্বাচন করা হয়।
এর আগে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিযোগিতার ঘোষণা দিয়ে অনুসারীদের ফাইনাল ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা কমেন্টের মাধ্যমে জানাতে আহ্বান জানানো হয়। দেশ-বিদেশের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী এতে অংশ নেন।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনুসারীদের ইতিবাচক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক অংশগ্রহণ উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মাধ্যমে এ ধরনের সৃজনশীল, অংশগ্রহণমূলক ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।
বিজয়ীদের জন্য ১০টি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি স্মার্টফোন। এছাড়া একটি স্মার্ট টিভি, একটি ইলেকট্রিক ওভেন, একটি ইন্ডাকশন কুকার, একটি স্মার্টওয়াচ, একটি ব্লেন্ডার, একটি পাওয়ার ব্যাংক, একটি ব্লুটুথ মাইক্রোফোন, একটি এয়ারপডস এবং একটি নেকব্যান্ড প্রদান করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। একই সঙ্গে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-কে জনসম্পৃক্ততা, ইতিবাচক সামাজিক যোগাযোগ এবং সৃজনশীল অংশগ্রহণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (মিডিয়া সেল) ও অধিনায়ক (এজিবি) মো. আইয়ুব আলী।
এছাড়া বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং মিডিয়া সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।



















