৪ হাজার অস্থায়ী এএসআই পদ সংরক্ষণের মেয়াদ বাড়লো
- আপডেট: ০৭:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৮০৫৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অস্থায়ীভাবে সৃজিত ৪ হাজার এএসআই (নিরস্ত্র) পদের সংরক্ষণের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে সম্প্রতি জারি করা এক সরকারি পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৭ আগস্ট উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত এ বিষয়ে পরিপত্র জারি করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি প্রকাশ করে।
এতে বলা হয়, পুলিশি কার্যক্রম সুচারুভাবে পরিচালনা এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অস্থায়ীভাবে সৃষ্ট ৪ হাজার এএসআই (নিরস্ত্র) পদ সংরক্ষণের মেয়াদ বাড়ানোর সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।
পদগুলো যে উদ্দেশ্যে সৃজন হয়েছে তার প্রয়োজনীয়তা এখনো রয়েছে এবং ভবিষ্যতেও বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই, বিধায় সুষ্ঠুভাবে কর্মসম্পাদনের জন্য ৪ হাজার পদ চলতি বছরের ১ জুন থেকে ২০২৭ সালের ৩১ মে, ২০২৭ সালের ১ জুন থেকে ২০২৮ সালের ৩১ মে এবং ২০২৮ সালের ১ জুন থেকে ২০২৯ সালের ৩১ মে পর্যন্ত সংরক্ষণের সরকারি মঞ্জুর জ্ঞাপন করা হয়।
শর্তে বলা হয়েছে, এ সংক্রান্ত ব্যয় বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের বাজেট বরাদ্দ থেকে নির্বাহ করা হবে। এ জন্য অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দ বা দাবি করা যাবে না। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে।



















