অসন্তোষজনক তথ্য: চেকপোস্টে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধারসহ আটক দুই
- আপডেট: ০৯:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনা করে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ ঘটনায় টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল বুধবার (১৯ আগস্ট) রাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্টকালে একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে উদ্ধার করা হয় নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা। টাকা সম্পর্কে জানতে চাইলে রিকশার যাত্রী মো. ইসরাফিল টাকার উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
তিনি বলেন,পরবর্তীতে সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।
এ ঘটনায় উদ্ধার করা নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। একই সাথে মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















