বেগমগঞ্জে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন,জননিরাপত্তায় গুরুত্ব দিলেন পুলিশ সুপার
- আপডেট: ১১:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর বেগমগঞ্জে চারটি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল চারটার দিকে বেগমগঞ্জ মডেল থানার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের শামসুন্নাহার সরকারি উচ্চবিদ্যালয়ের তৃতীয় তলায় ফিতা কেটে অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার এন এম নাসীরুদ্দিন। পরে তিনি ক্যাম্পটি পরিদর্শন করে এর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পুলিশ জানিয়েছে, গোপালপুর, আমানউল্যাপুর, আলাইয়ারপুর ও জিরতলী ইউনিয়নের মাদক, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করতে ক্যাম্পটি স্থাপন করা হয়েছে।
ক্যাম্প উদ্বোধনের পর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ.ন.ম. ইমরান খান।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
সভায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ২ নম্বর গোপালপুর ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই আব্দুর রহমান ও সহকারী বিট কর্মকর্তা এএসআই মো. সোলেমানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, আমানউল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম সুমন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু, জিরতলী ইউনিয়নের চেয়ারম্যান মো. সামছুল আলম লাভলু, শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















