রুমের দরজা বাতাসে ধাক্কা দেওয়া নিয়ে কথা কাটাকাটি, বসুন্ধরায় রুমমেটকে কুপিয়ে জখম
- আপডেট: ০২:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রুমের দরজা বাতাসে ধাক্কা দেওয়া নিয়ে রুমমেটের সঙ্গে কথা-কাটাকাটির জেরে মো. জাকির (৩৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত জাকিরের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে। তিনি পেশায় গাড়িচালক এবং ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জি ব্লকের ৩ নম্বর সড়কের ২৬০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রুমের দরজা বাতাসে ধাক্কা দেওয়ার বিষয় নিয়ে জাকিরের সঙ্গে তার রুমমেট মাইনুদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাইনুদ্দিন দা দিয়ে জাকিরকে এলোপাতাড়ি কোপ দেন। এতে তার দুই হাত ও পিঠে গুরুতর জখম হয়।
পরে জাকিরকে প্রথমে কুর্মিটোলা এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


















