গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী
- আপডেট: ০৮:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
অনলাইন ডেস্ক,সোনালী খবর
কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে, দেশে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে।’
তারেক রহমান বলেন, স্বাধীনতার সময় ওই দলটি দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং ১৯৮৬ সালেও গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছিল বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, বিভিন্ন সময়ে ওই দলটি দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মানুষের জন্য ও দেশের কল্যাণের জন্য রাজনীতি করে। খাল খনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ দলের বিভিন্ন কর্মসূচি মানুষের কল্যাণে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মুহুরী-কহুয়া প্রকল্পের সুফল তুলে ধরে তারেক রহমান বলেন, খাল ও নদী খনন সফল হলে এলাকার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবেন। এতে ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হবে এবং প্রায় ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদন হবে বলে জানান তিনি।















