রাজধানীতে জাল পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক রোহিঙ্গা যুবক
- আপডেট: ১২:০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর তুরাগ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জাল পরিচয়পত্র ও নথি ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আনসার সদস্যদের সন্দেহ ও বিচক্ষণতায় মঙ্গলবার বিকালে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম–মো. ওমর ফারুক (১৮)। তিনি কক্সবাজারের ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকাল সাড়ে তিনটার দিকে তুরাগ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থীদের শৃঙ্খলা ও টোকেন প্রদানের দায়িত্বে ছিলেন আনসার সদস্য মো. আনিসুর রহমান ও মো. সাকিব আল হাসান। এ সময় এক তরুণের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে তারা কৌশলে তাকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে নিয়ে যান।
পরে প্রাথমিক যাচাইয়ে ওই তরুণের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য নথিপত্র জাল বলে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে ওমর ফারুক জানান, তার বাবার নাম মো. আব্দুল লতিফ। তার মূল বাড়ি মিয়ানমারের উড্ডা অঞ্চলে। বর্তমানে তিনি কক্সবাজারের ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকেন।
পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বে থাকা সদস্যদের সতর্কতা ও পেশাদারত্বের কারণে জাল পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের এ তৎপরতার প্রশংসা করেছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।



















