বিমানবাহিনী ও এএইউবির মধ্যে সমঝোতা স্মারক সই
- আপডেট: ০২:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (এএইউবি) মধ্যে প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস খাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ সমঝোতা স্মারক সই হয়।
রবিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়,এই সমঝোতা স্মারক সই করার ফলে উভয় প্রতিষ্ঠান ড্রোন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্মভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ,ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অন-দ্যা-জব ট্রেনিং,ইন্টার্নশিপ কর্মসূচি এবং যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করবে।
এই সহযোগিতায় ব্যবহারিক প্রশিক্ষণ,কার্যকরী অভিজ্ঞতা অর্জন এবং আধুনিক এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস প্ল্যাটফর্ম সংক্রান্ত গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নত প্রশিক্ষণ সমন্বয়, শক্তিশালী গবেষণা সহযোগিতা এবং প্ল্যাটফর্মভিত্তিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে এই সহযোগিতা সহায়ক হবে বলে প্রত্যাশা করা যায়।
এই অংশীদারত্ব এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেসের ক্ষেত্রে দেশীয় সক্ষমতা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জাতীয় আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখবে।
অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও),এএইউবির ভাইস চ্যান্সেলর,বাংলাদেশ বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা,ইউজিসি ও বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্য, এএইউবির কর্মকর্তা এবং অন্যান্য বেসামরিক খাতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


















