গুম সংক্রান্ত কমিশনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান
- আপডেট: ০৬:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিকে ঘিরে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। এসব তথ্য কমিশনের কার্যক্রমে বাধা সৃষ্টি ও প্রভাবিত করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে বলে মনে করছে তারা।
রবিবার (২১ ডিসেম্বর) কমিশনের সচিব কুদরত-এ-ইলাহীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়,কমিশনের প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত সময়সীমাকে কেন্দ্র করে মনগড়া তথ্য ও বক্তব্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,কমিশনের জিজ্ঞাসাবাদ কার্যক্রমে খন্দকার রাকিব নামে কোনো ব্যক্তির উপস্থিতি ছিল— এমন যে দাবি প্রচারিত হয়েছে,তা সম্পূর্ণ অসত্য। ওই ব্যক্তি কখনোই গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কোনো পদে কর্মরত ছিলেন না এবং কমিশনের কোনো জিজ্ঞাসাবাদ কার্যক্রমেও তার উপস্থিতি ছিল না।
কমিশনের মতে, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও অস্পষ্ট বক্তব্যের মাধ্যমে একটি মহল কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর দীর্ঘদিনের প্রতীক্ষা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কমিশন তার ওপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। এ কাজে দেশপ্রেমিক সব নাগরিকের সহযোগিতা একান্তভাবে কাম্য।
এ ছাড়া দেশবাসীকে বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক তথ্যের প্রতি কর্ণপাত না করার জন্য অনুরোধ জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি।


















