হাদি হত্যাকাণ্ড: শ্যুটার ফয়সালের অবস্থান শনাক্তে অগ্রগতির কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট: ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূলহোতা ফয়সাল করিম মাসুদের অবস্থান শনাক্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তদন্ত ও গোপনীয়তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয় বলেও জানান তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাকে গ্রেফতারে তৎপর রয়েছে সরকার। এ ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে সব বলা যাবে না। তিনি বলেন, হাদিকে হত্যাকারীরা দেশেও থাকতে পারে,বিদেশেও থাকতে পারে। কোথায় আছে, সেটি স্পষ্ট নয়। তবে বৈধ পথে বিদেশে যাওয়ার তথ্য নেই।
এসময় উপদেষ্টা জানান,অপারেশন ডেভিল হান্ট-ফেজ টুতে এ পর্যন্ত ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭টি সাউন্ড গুলি,এক হাজার ৭টি কার্তুজ,৬২টি দেশীয় অস্ত্রসহ গ্রেনেড, মর্টারের গোলা, গানপাউডার,আতশবাজি ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
তিনি জানান,খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গির্জাগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। গুলশান, বনানীসহ অভিজাত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।
এসময় আরও জানানো হয়,বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো প্রকাশ্য আতশবাজি করা যাবে না,রাস্তা অবরোধ করে অনুষ্ঠান আয়োজনও নিষিদ্ধ। রাজধানীতে ট্রাফিক স্বাভাবিক রাখতে ডিএমপিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রশিক্ষণের দুই-তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে। বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
জকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এসময় তিনি জানান,প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। দুই সম্পাদককে গানম্যান দেওয়া হয়েছে। ময়মনসিংহে পোশাকশ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ১০ জন গ্রেফতার হয়েছেন।
এ ছাড়া আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেভিল হান্ট ফেজ টু অভিযানের অংশ হিসেবে সারা দেশে দুই হাজার চেকপোস্ট বসানো হয়েছে।



















