আনসার ভিডিপির মহাপরিচালকের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট: ১০:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন এবং রাজনৈতিক,প্রেস ও তথ্য বিভাগের প্রধান মিসেস বাইবা জারিন উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় মহাপরিচালক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক প্রস্তুতি,প্রশিক্ষিত জনবল,বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বাহিনীর প্রস্তুতি ও পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত।
আলোচনায় বাহিনীর সদস্যদের সক্ষমতা উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে গৃহীত বহুমাত্রিক উদ্যোগসমূহ উপস্থাপন করা হয়। বিশেষভাবে গুরুত্ব পায় দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচি, আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ কাঠামো,টেকসই উন্নয়ন কার্যক্রম এবং প্রান্তিক সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে গৃহীত ‘সঞ্জীবন প্রকল্প’।
মহাপরিচালক রাষ্ট্রদূতকে জানান,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের দক্ষ,আত্মনির্ভরশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এর ফলে বাহিনীর প্রশিক্ষিত সদস্যদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বিদ্যমান সম্ভাবনাগুলো ফলপ্রসূভাবে কাজে লাগানোর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাহিনীর সামগ্রিক কার্যক্রম,পেশাদারিত্ব ও উন্নয়নমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



















