সানারপাড় পাবলিক স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
- আপডেট: ০২:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় অবস্থিত সনামধন্য ও শিক্ষাবান্ধব বিদ্যাপীঠ সানারপাড় পাবলিক স্কুল তার মূল স্লোগান ‘এসো আলোর পথে, এসো আগামীর সম্ভাবনায়’কে ধারণ করে শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা বিকাশে নিরলসভাবে এগিয়ে চলছে। মনোরম পরিবেশ শিক্ষার্থীবান্ধব পাঠদান পদ্ধতি এবং কোমলমতি শিশুদের মানসিক বিকাশে নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই অভিভাবক মহলে আস্থা ও সুনাম অর্জন করেছে। প্রতি বছরের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সহমর্মিতা, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ বছরও স্কুল কর্তৃপক্ষ আয়োজন করে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। রবিবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬ইং সকাল থেকেই স্কুল প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে উৎসবমুখর আমেজে।

প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। ছোট্ট শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ আকর্ষণীয় ঝুড়িতে বল নিক্ষেপ ও চকলেট দৌড় প্রতিযোগিতা, যেখানে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত সবার মন জয় করে নেয়। প্লে গ্রুপ থেকে অংশগ্রহণ করে জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার বার্তা বিভাগের সিনিয়র ইনচার্জ সমির জালাল রানার একমাত্র সন্তান সামির মুস্তাকিম রুহান এবং তার সঙ্গে অংশ নেয় তার সহপাঠী বন্ধু মোঃ আব্দুল্লাহ, মোঃ তালহা খানসহ আরও অনেক শিক্ষার্থী যাদের প্রাণবন্ত উপস্থিতিতে খেলার মাঠ হয়ে ওঠে হাসি-আনন্দে ভরপুর। প্রতিযোগিতার শুরু থেকেই শিক্ষক-শিক্ষিকাদের ছিল নিবিড় তত্ত্বাবধান। শৃঙ্খলাপূর্ণ পরিচালনা এবং প্রতিটি শিশুর নিরাপত্তা ও উৎসাহ নিশ্চিত করতে ছিল তাদের নিরলস দায়িত্বশীলতা যা অভিভাবকদের মাঝে গভীর সন্তুষ্টি সৃষ্টি করে। শিক্ষকদের স্নেহময় দিকনির্দেশনা, ক্রীড়া পরিচালনায় দক্ষতা এবং প্রতিটি শিক্ষার্থীকে সমানভাবে উৎসাহিত করার মানসিকতা অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও সফল। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে স্কুল প্রাঙ্গণে তৈরি হয় এক অনন্য মিলনমেলা।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতিতে পুরো আয়োজন পায় উৎসবের রূপ। শিশুদের হাসি, উচ্ছ্বাস, দৌড়ঝাঁপ আর বিজয়ের আনন্দে মুখরিত পরিবেশ প্রমাণ করে পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে এমন সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ মনে করেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ, দলগত চেতনা ও সুস্থ মানসিকতা গঠনে কার্যকর ভূমিকা রাখে আর সেই লক্ষ্য থেকেই প্রতিবছর এমন আয়োজন করা হয় আরও বিস্তৃত পরিসরে। সার্বিক ব্যবস্থাপনা, সুশৃঙ্খল আয়োজন ও শিক্ষকদের প্রশংসনীয় দায়িত্ববোধে সফলভাবে সম্পন্ন হওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সানারপাড় পাবলিক স্কুলের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটির এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অভিভাবকবৃন্দ।


















