সড়ক অবরোধ ও মব কালচার সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট: ০৬:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দেশে মব কালচার শেষ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুশিয়ারি দিয়েছেন, দাবী আদায়ের জন্য সড়ক-মহাসড়ক অবরোধ সহ্য করা হবে না।
বুধবার(১৮ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশকে জনগনের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তিটা আগে বিনষ্ট হয়েছে সেটা ফিরিয়ে আনতে হবে। পুরোপুরি দূর্নীতিমূক্ত মন্ত্রণালয় বানাতে চাই। সবার জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখবে হবে এবং কোনো রকমের অবৈধ তদবির হবে না। বাহিনীর মধ্যে কেউ যদি অপরাধে জড়িত হয়, সাথে সাথে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় মব কালচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে মব কালচার শেষে। এদেশে আর কোনোভাবেই মব কালচারকে উৎসাহিত করা হবে না। দাবী-দাওয়া থাকবে, যথাযথ প্রক্রিয়ায় জানানো যাবে। মিছিল সমাবেশ করতে পারবে, গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে কিন্তু দাবী আদায়ের সড়ক-মহাসড়ক আটকা, মব কালচার সহ্য করা হবে না।
এর আগে এদিন বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।এসময় সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায়।
এদিকে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান উপলক্ষে মন্ত্রণালয়ের প্রবেশপথ, করিডোর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ আগেই সম্পন্ন করা হয়।
সালাহদ্দিন আহমদের দায়িত্ব পাওয়ার মাধ্যমে স্বাধীনতার পর গত ৫৫ বছরে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে কক্সবাজার জেলার মানুষেরা। এমনকি স্বাধীনতার পর সালাহউদ্দিন আহমদই কক্সবাজার জেলার প্রথম পূর্ণ মন্ত্রী হলেন। তার মন্ত্রী হওয়ার খবরে জেলার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনি এলাকায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গতকাল মঙ্গলবার সরকার গঠন করে। ওইদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করান।




















