সিভিল এভিয়েশন একাডেমিতে সিএফআর বেসিক কোর্সের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা
- আপডেট: ০৯:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দেশের বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা ও জরুরি দুর্ঘটনা মোকাবেলায় দক্ষ জনবল গড়ে তুলতে আয়োজিত ৯০ দিনব্যাপী ক্রাশ ফায়ার এন্ড রেসকিউ বেসিক কোর্স(CFR)-এর সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ ফেব্রুয়ারি) সিভিল অ্যাভিয়েশন একাডেমি-এ এই সমাপনী আয়োজন করা হয়।
জানা গেছে, কোর্সটি গত ০৬ অক্টোবর ২০২৫ তারিখে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শেষ হয়। প্রশিক্ষণে এভিয়েশন ফায়ার ফাইটিং, ফায়ার টেন্ডার পরিচালনা, উদ্ধার কার্যক্রম এবং তাত্ত্বিক ও ব্যবহারিক বিভিন্ন মডিউল অন্তর্ভুক্ত ছিল।
কোর্সের মূল লক্ষ্য ছিল দেশের বিভিন্ন বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা জোরদার করা এবং সম্ভাব্য বিমান দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুত দক্ষ কর্মী তৈরি করা। প্রশিক্ষণার্থীরা International Civil Aviation Organization (ICAO)-এর মানদণ্ড অনুসরণ করে বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনার ওপর প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি বলেন, বিমান চলাচলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা মোকাবেলায় এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব বিমানবন্দরে অগ্নি সুরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমেই এই প্রশিক্ষণের প্রকৃত সার্থকতা আসবে।
বিশেষ অতিথি পরিচালক (ফায়ার) এ এস এম খালেদ বলেন, ICAO মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর পরিচালনা এবং এয়ারপোর্ট ইমারজেন্সি প্ল্যান বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত জনবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণের অভিজ্ঞতা, বাস্তব চ্যালেঞ্জ এবং করণীয় কৌশল নিয়ে মতবিনিময় করেন।
এই কোর্সটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চলমান সক্ষমতা উন্নয়ন কর্মসূচির অংশ। ICAO-এর গ্লোবাল এভিয়েশন ইমারজেন্সি প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিমান চলাচল খাতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এ উদ্যোগের লক্ষ্য। কোর্সে সংস্থার ফায়ার বিভাগে কর্মরত পাঁচজন অগ্নি নির্বাপন কর্মী অংশগ্রহণ করেন।




















