লালবাগে রাফি হত্যা: মূল অভিযুক্তসহ গ্রেফতার ৩, ৯ রাউন্ড গুলি উদ্ধার
- আপডেট: ১১:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় মো. রাফি (২৫) হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের একটি বাসা থেকে নয় রাউন্ড পিস্তলের গুলিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ১৪ মে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে লালবাগ থানার শহীদনগর তিন নম্বর গলির মুখে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত কাছ থেকে গুলি করে রাফিকে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে লালবাগ থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কানা শাহাবুদ্দিন ও রেজাউল নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনের অবস্থান শনাক্ত করে। পরে বুধবার কক্সবাজার সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে ইমনের দেওয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে নয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রাফি হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন ও অন্যান্য জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।



















