রামিসার হত্যাকাণ্ড সমাজের অসুস্থতার প্রতিফলন: ওবায়দুর রহমান মৃধা
- আপডেট: ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওবায়দুর রহমান মৃধা বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনা সমাজের গভীর অসুস্থতার ইঙ্গিত বহন করছে। তার মতে, এ পরিস্থিতি জাতির জন্য লজ্জাজনক ও উদ্বেগজনক।
তিনি বলেন, যে সমাজে শিশুরা নিরাপদ নয়, সে সমাজ মানবিক বিকাশের জন্য উপযোগী হতে পারে না। শিশুরাই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলে, কিন্তু তারা যদি ভয় ও অনিশ্চয়তার মধ্যে বড় হয়, তবে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
ওবায়দুর রহমান মৃধা আরও বলেন, নারী নির্যাতনের পাশাপাশি পুরুষরাও বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। তার ভাষায়, ধর্মভীরু পরিচয় থাকা সত্ত্বেও সমাজে নৈতিক ও ধর্মীয় চর্চার ঘাটতি রয়েছে।
তিনি দাবি করেন, সমাজের বিভিন্ন সমস্যা অনেক ক্ষেত্রে কুশিক্ষা ও অস্থিরতার কারণে সৃষ্টি হচ্ছে। এসব অপরাধ দমনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি রাষ্ট্রের দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করতে হবে, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও তার ঊর্ধ্বে গিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এ সময় তিনি আশা প্রকাশ করেন যে, তারেক রহমান নেতৃত্বাধীন সরকার সমাজে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে প্রতিটি শিশু নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে।



















