সিআইডির শীর্ষ পদ ফাঁকা, ভারপ্রাপ্ত নেতৃত্বে চলছে কার্যক্রম
- আপডেট: ০৬:০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১৮১১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বর্তমানে প্রধান ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে।
গত ১৭ মে তৎকালীন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি করার পর এখনো নতুন কাউকে এ পদে নিয়োগ দেয়নি সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলির পর ১৮ মে আনুষ্ঠানিকভাবে সিআইডি থেকে বিদায় নেন মোসলেহ্ উদ্দিন আহমদ। এরপর থেকে সংস্থাটির দায়িত্বভার ভারপ্রাপ্ত হিসেবে পালন করছেন সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আলী আকবর খান।
চাঞ্চল্যকর হত্যা, মানব পাচার, অর্থ পাচার (মানিলন্ডারিং), প্রযুক্তিনির্ভর ফরেনসিক বিশ্লেষণ, সাইবার অপরাধ তদন্ত ও গুরুত্বপূর্ণ মামলার অনুসন্ধানে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে ইউনিটটির শীর্ষ পদে নতুন নিয়োগ না হওয়ায় প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
এদিকে প্রশাসনিক অঙ্গনে আলোচনা রয়েছে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম সিআইডির নতুন প্রধান হিসেবে নিয়োগ পেতে পারেন।
এদিকে আগামী ৫ জুন হাইওয়ে পুলিশের প্রধানের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। এতে করে এই ইউনিটের প্রধানের পদও শূন্য হতে যাচ্ছে। পাশাপাশি রেলওয়ে পুলিশ প্রধানের পদসহ পুলিশ সদরদপ্তরের বেশ কয়েকটি অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পদ ফাঁকা রয়েছে। শিগগিরই অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির মাধ্যমে এসব দায়িত্ব অতিরিক্ত আইজিপি পদমর্যাদা কর্মকর্তাদের বসানো হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।




















