বেগমগঞ্জের সন্তান অ্যাডভোকেট মামুনের ঢাকা বার নির্বাচনে জয়
- আপডেট: ০৭:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী সদস্য পদে নোয়াখালীর বেগমগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট মো.নজরুল ইসলাম (মামুন) নির্বাচিত হয়েছেন। তিনি ৪ হাজার ৩০৩ ভোট পেয়ে নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট অর্জন করেন।
অ্যাডভোকেট মামুন বর্তমানে সুপ্রিম কোর্ট ও ঢাকা বারে নিয়মিতভাবে আইন পেশায় যুক্ত আছেন। তিনি এলএল.বি (অনার্স) ও এলএল.এম সম্পন্ন করার পর ২০১৮ সালে ঢাকা জজকোর্টের আইনজীবী হিসেবে এবং ২০২৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, ঢাকা বার ইউনিটের সদস্য এবং ইউআইটিএস ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও যুক্ত ছিলেন।
বর্তমানে তিনি নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সদস্য, নোয়াখালী জেলা সমিতি ঢাকার আজীবন সদস্য এবং বেগমগঞ্জ যুবকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন।
এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সদস্য পদে বিজয়ী হন। মোট ২৩টি পদেই ঐক্য প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করে। নির্বাচনে বিএনপি জোটের নীল প্যানেল, জামায়াত জোটের সবুজ প্যানেল এবং স্বতন্ত্র হলুদ প্যানেলসহ মোট তিনটি প্যানেলের প্রার্থীরা অংশ নেন।
গত ২৯ ও ৩০ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বৃষ্টিস্নাত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।
বিজয়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (মামুন) বলেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়; সহকর্মী আইনজীবী ও নোয়াখালী–বেগমগঞ্জবাসীর ভালোবাসার প্রতিফলন। তিনি আইনজীবীদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



















