সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪
- আপডেট: ০৯:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর কাছের সাভারে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি-এর সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম।
শুক্রবার (২২ মে) দুপুরে সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, তাদের অপহরণ করে একটি ভবনে আটকে রেখে মারধর করা হয়। পরে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-এর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ ছাড়া বিবৃতিতে একই দাবি জানিয়েছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশা।
একই সঙ্গে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম-এর সভাপতি এনামুল কবীর রূপম ও মহাসচিব খায়রুজ্জামান কামাল হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



















