ঈদ যাত্রা:নৌপথের নিরাপত্তা জোরদার, নৌ পুলিশের পরিদর্শন
- আপডেট: ১১:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথে ঈদুল আযহা-২০২৬ কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ তদারকি ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে নৌ পুলিশ।
নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায় নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশের আওতাধীন বিভিন্ন নৌ-ঘাট, নৌরুট ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি টহল কার্যক্রমের অগ্রগতি, যাত্রী নিরাপত্তা এবং অপরাধ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
অন্যদিকে, নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মারুফা ইয়াসমিন এবং ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঢাকা অঞ্চলের সদরঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌপথ ও ঘাট এলাকা পরিদর্শন করেন। তারা যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করেন।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জ অঞ্চলে ১৪টি এবং ঢাকা অঞ্চলে ১৭টি নৌ টহল দল নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। এসব টহল নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ, চাঁদাবাজি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিকভাবে কাজ করছে।
নৌ পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে নৌপথে অতিরিক্ত যাত্রী চাপ মোকাবিলা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।



















