মেট্রোরেলের নিচে পশুর হাট, অভিযান চালিয়ে সড়ক দখলমুক্ত করল ডিএমপি
- আপডেট: ১১:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৮১০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার কারণে সৃষ্ট যানজট নিরসনে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযান চালিয়ে সড়ক থেকে পশু সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন দিয়াবাড়ি পশুর হাটে ব্যাপকসংখ্যক কোরবানির পশু এসেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও নৌপথে আনা পশুতে জমে উঠেছে হাট। বিশেষ করে বড় আকৃতির গরু দেখতে ও কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে।
তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় ওই এলাকায় যানজট তৈরি হচ্ছিল। এ অবস্থায় ডিএমপির উত্তরা বিভাগ অভিযান চালিয়ে সড়ক দখলমুক্ত করে। পরে যান চলাচল স্বাভাবিক করতে ডাইভারশনও দেওয়া হয়।
ডিএমপি জানিয়েছে, পরে হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করা হয়েছে। সড়কে পশুর হাট বসানো বা পশু রাখা নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে।




















