শোলাকিয়া ঈদ জামাতে নিরাপত্তায় মোতায়েন ২ প্লাটুন বিজিবি
- আপডেট: ০৫:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের ১৯৯তম জামাতকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীটি দায়িত্ব পালন করে আসছে।
এর ধারাবাহিকতায় দেশের অন্যতম বৃহৎ এই ঈদ জামাতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হবে। মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করতে বলা হয়েছে।
পাশাপাশি কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে।
বিজিবি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সব বাহিনীর সমন্বিত ব্যবস্থাপনায় এবারের শোলাকিয়া ঈদ জামাত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শোলাকিয়া ঈদগাহে এবারের ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।



















