পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
- আপডেট: ০২:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৮১০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। আজ সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় তিনি নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতি অব্যাহত রাখতে তার বর্তমান পদে বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি সরকারের কার্যক্রম নির্বিঘ্ন ও গতিশীল রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। বর্তমানে তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
দীপেন দেওয়ান পার্বত্য রাঙামাটি জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।




















