শাহজালালে আনসারের সতর্কতায় সৌদি প্রবাসীর হারানো ব্যাগ উদ্ধার
- আপডেট: ০২:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল আনসার সদস্যদের তৎপরতায় এক সৌদি প্রবাসীর হারানো হাতব্যাগ, পাসপোর্ট ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (০৫ জুন ) আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন
তিনি বলেন, বৃহস্পতিবার (৪ জুন) বিকাল আনুমানিক ৪টা ৪০ মিনিটে বিমানবন্দরের হেভি লাগেজ-১ প্রবেশ গেট সংলগ্ন এলাকায় ওই প্রবাসী যাত্রী অসাবধানতাবশত তার হাতব্যাগ ফেলে চলে যান। ব্যস্ত বিমানবন্দর এলাকায় বিষয়টি প্রথমে কারও নজরে না এলেও দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের সতর্কতা ও দায়িত্বশীলতায় ব্যাগটি নিরাপদে উদ্ধার সম্ভব হয়।
দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) মো. শফিকুল ইসলাম এবং আনসার সদস্য মো. আকরাম হোসেন পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি দেখতে পেয়ে তাৎক্ষণিক নিজেদের হেফাজতে নেন।
পরে ব্যাগ তল্লাশি করে একটি পাসপোর্ট ও কিছু সৌদি রিয়াল পাওয়া যায়। গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বৈদেশিক মুদ্রা থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তারা প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন।
পরবর্তীতে বিমানবন্দরের এফআইডিএস (ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম)-এর মাধ্যমে মাইকিং করা হলে বিকেল আনুমানিক ৫টার দিকে সংশ্লিষ্ট যাত্রী সেখানে উপস্থিত হন। ব্যাগের সঠিক বিবরণ, পাসপোর্টের তথ্য ও অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে ব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়। হারানো ব্যাগ ও পাসপোর্ট ফিরে পেয়ে প্রবাসী যাত্রী আবেগাপ্লুত হয়ে দায়িত্বশীল আনসার সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রীসেবায় নিয়োজিত আনসার সদস্যরা প্রতিনিয়ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, যাত্রীসেবায় মানবিক সহায়তা প্রদানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ ঘটনা আবারও প্রমাণ করেছে—সততা, মানবিকতা ও দায়িত্ববোধের সমন্বয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।



















