অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
- আপডেট: ০২:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১৮০২০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিজ সুসান রাইল (Ms Susan Ryle) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৫ জুন) সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রথম সচিব মিজ এ্যানা পিটারসন (Ms Anna Peterson) এবং মি. হ্যারি থম্পসন (Mr Harry Thompson) উপস্থিত ছিলেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করার ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষই মত দেন যে, বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পেতে পারে না। এছাড়া ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও মতবিনিময় হয়।
আলোচনায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়ন বিষয়টি গুরুত্ব পায়।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন বলে জানা যায়।
বৈঠকে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি; সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, এমপি ও মারদিয়া মমতাজ, এমপি এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন।




















