নোয়াখালীকে নিরাপদ করতে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অভিযান ঘোষণা:পুলিশ সুপার
- আপডেট: ১০:৫৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন।
মঙ্গলবার (১৬ জুন) বিকালে জেলা পুলিশ আয়োজিত ‘মিট দ্য প্রেস’ শীর্ষক অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনবান্ধব পুলিশিং ব্যবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে এসপি মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং বাংলাদেশ পুলিশের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
নোয়াখালীর মতো ঐতিহ্যবাহী জেলায় দায়িত্ব পাওয়ায় তিনি বাংলাদেশ সরকার, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ। জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। পুলিশকে ভয় নয়, আস্থা ও সেবার প্রতীক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব।”
এসপি আরও বলেন, মাদক ব্যবসায়ী, কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত
থাকবে।
তিনি জানান, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে সাইবার অপরাধ, গুজব, প্রতারণা, সাইবার বুলিং ও ব্ল্যাকমেইলিং প্রতিরোধে জেলা পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে আরও কার্যকর করা হবে।
প্রবাসীবহুল জেলা হিসেবে নোয়াখালীর প্রবাসী পরিবারের সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং তাদের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আইন-শৃঙ্খলা রক্ষা ও পুলিশের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই—অপরাধী শুধু অপরাধী। পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতার প্রশ্নে কোনো আপস করা হবে না।
শেষে তিনি প্রশাসন, সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নোয়াখালী গড়ে তোলার আহ্বান জানান।
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানায় জেলা পুলিশ।



















