প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট ট্রেনে চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে
- আপডেট: ০২:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চীনের দালিয়ান সফর শেষে বুলেট ট্রেনে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৫৬ মিনিটে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) কর্মসূচিতে অংশগ্রহণ শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাংগ্রিলা হোটেল থেকে জিপে করে রেলওয়ে স্টেশনে পৌঁছে বুলেট ট্রেনে ওঠেন প্রধানমন্ত্রী।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন তারেক রহমান। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনটি ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ নামে পরিচিত।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।
এবারের আয়োজনটিতে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিসহ ১ হাজার ৭০০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোস’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিভিন্ন দেশের উন্নয়ন অভিজ্ঞতা ও সফল নীতি সম্পর্কে জানার মাধ্যমে দেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে।
চীন সফরের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বেইজিংয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কথা রয়েছে।



















