খিলগাঁওয়ে ৫৭৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- আপডেট: ০৮:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে চেকপোস্ট অভিযানে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম–মো. শাহীন (২০)। তবে অভিযানের সময় তার সহযোগী ওমর ফারুক (২৬) পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
খিলগাঁও থানা বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, আজ সকাল ৮টা ৫ মিনিটে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় পুলিশের একটি দল। এ সময় শাহীনের হাতে থাকা একটি কালো রঙের কাঁধ ব্যাগ তল্লাশি করতে গেলে তিনি ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ইয়াবার প্যাকেট রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করেন।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাহীনকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী ওমর ফারুক পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে ফেলে দেওয়া পলিথিন ব্যাগ তল্লাশি করে ৩০টি নীল রঙের এয়ারটাইট জিপার প্যাকেটের ভেতর রাখা ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটিসহ মোট চারটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহীন স্বীকার করেছেন যে, তিনি ও তার সহযোগী ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত শাহীন ও পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



















