মিরপুরে ছিনতাইয়ের সময় হাতেনাতে ছিনতাইকারী আটক
- আপডেট: ১১:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ১৮০৬৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে এক যুবককে আটক করেছে ট্রাফিক বিভাগ।
বুধবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। আটক যুবকের নাম মো. রিমন (৩২)।
নিয়াজ মেহেদী বলেন, বুধবার সকালে এক ছিনতাইকারী মিরপুর-১১ এলাকায় বনলতা সুইটসের সামনে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত জনতার সহায়তায় ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন দায়িত্বরত পল্লবী ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা।
পরে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীর কাছে বুঝিয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।
নিয়াজ মেহেদী বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।




















