এক যুগ পূর্তি ইউএস-বাংলা এয়ারলাইন্সের, ২৫ উড়োজাহাজে ২০ গন্তব্যে ফ্লাইট
- আপডেট: ১০:১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ১৮০৪০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ১২ বছর পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে যাত্রী, শুভানুধ্যায়ী ও অংশীজনদের শুভেচ্ছা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে সংস্থাটির বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে তারা। শুরু থেকেই ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা জানায়, ২০২৭ সালের মধ্যে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, জহুর বারু, পেনাং ও হংকংসহ নতুন কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৮ সালের মধ্যে লন্ডন ও রোম এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে।
বর্তমানে দেশে-বিদেশে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী ইউএস-বাংলায় কর্মরত রয়েছেন। যাত্রী পরিবহনের পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কার্গো সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এক যুগ পূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, যাত্রীদের উন্নত ও আরামদায়ক সেবা নিশ্চিত করতে আধুনিক উড়োজাহাজ বহর সম্প্রসারণে কাজ করে যাচ্ছে ইউএস-বাংলা। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীদার হতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত বলেও তিনি উল্লেখ করেন।




















