বৈরী আবহাওয়া: সমুদ্রে না যেতে জেলে ও নৌযান মালিকদের সতর্ক করল কোস্ট গার্ড
- আপডেট: ০৩:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৮০৮২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে জেলে,ট্রলার ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রমে সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এ অবস্থায় ট্রলার, মাছ ধরার নৌকা এবং অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নৌযান ও ট্রলারের মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি যেকোনো জরুরি প্রয়োজন বা সমুদ্রে দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানান।




















