জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ
- আপডেট: ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৮১১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত নিম্নআয়ের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বাউনিয়া বাঁধ পুরা বস্তি এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম চাঁনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গরম খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণের সময় পানিবন্দি হয়ে ঘর থেকে বের হতে না পারা পরিবারগুলোর কাছে হাঁটুসমান পানিতে নেমে ঘরে ঘরে খাবার পৌঁছে দেন শহিদুল ইসলাম চাঁন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম চাঁন বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জনগণের যেকোনো সংকটে আমরা পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”
খাবার পেয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের দাবি, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।




















