টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার ৩৬ হাজার ইয়াবা উদ্ধার
- আপডেট: ০৩:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে অভিযানের সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফ থানার মিঠাপানিরছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এদিকে, বুধবার (৫ আগস্ট) রাত ২টার দিকে টেকনাফ থানার জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর একটি বসতবাড়িতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও এপিবিএনের যৌথ উদ্যোগে আরেকটি অভিযান পরিচালিত হয়।
অভিযানে বসতবাড়ির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশে মাদকের বিস্তার রোধে বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















