শাহজালালে দুবাই-দিল্লি থেকে আসা যাত্রীকে তল্লাশি, গৌরি ক্রিম-স্বর্ণসহ বিপুল মালামাল জব্দ
- আপডেট: ১০:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাই পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট। এসব পণ্যের মধ্যে রয়েছে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং পাঁচটি বিভিন্ন মডেলের মোবাইল ফোন।
রবিবার (৯ আগস্ট) দুবাই ও দিল্লি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীকে তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়েছে।
সিআইআইডি সূত্রে জানা যায়, গোপন তথ্য ও নিবিড় নজরদারির ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটসের (ইকে০৫৮২) ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টন সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়। একই ফ্লাইটের অপর যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের কাছ থেকে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টন সিগারেট এবং তিন কেজি গৌরি ক্রিম জব্দ করা হয়।
অন্যদিকে, দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার (এআই২৩৭) ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও চারটি স্মার্টফোন আটক করা হয়। অভিযানের অংশ হিসেবে উল্লিখিত যাত্রীদের পাশাপাশি আরও কয়েকজন যাত্রীর ব্যাগেজ থেকে বাকি পণ্যগুলো জব্দ করে সিআইআইডির সি-শিফট টিম।
সিআইআইডি কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই সাফল্য এসেছে। যাত্রী প্রোফাইলিং ও গোপন তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ফ্লাইট চিহ্নিত করে চোরাচালান বিরোধী এই নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



















